যশোর: যশোরে খেলনা পিস্তলসহ রবি (২৬) নামে এক ছিনতাইকারী এবং হাতবোমাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রবি যশোর শহরের পূর্ব বারান্দিপাড়া এলাকার আজমল হোসেনের ছেলে।
অপরদিকে, হাতবোমাসহ আটকরা হলেন, শহরের খোলাডাঙ্গা এলাকার শুকুর আলীর ছেলে জুয়েল (২২), খড়কির হারুন অর রশিদের ছেলে বাপ্পী (২০) ও সিদ্দিক হোসেনের ছেলে সোহান (২২)।
যশোর কোতয়ালী মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার বাংলানিউজকে জানান, পূর্ব বারান্দিপাড়া এলাকায় খেলনা পিস্তল ঠেকিয়ে ছিনতাইকালে সদর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিক ওই ছিনতাইকারীকে আটক করেছেন।
অপরদিকে, হাতবোমাসহ ওই তিনজনকে শহরের খড়কি এলাকা থেকে আটক করেছেন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সন্তু বিশ্বাস।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ০৬ জুলাই, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর