কুড়িগ্রাম: যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বর্তমান সরকারের আমলেই পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু হবে। বিশ্বব্যাংক ছাড়াও এ সেতু নির্মাণে বিভিন্ন দেশ এগিয়ে আসবে কথা দিয়েছে।”
তিনি আরও বলেন, “তা একান্তাই না হলে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর কাজ শুরু করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইস্তেহারে যে সব প্রতিশ্রতি ছিল, পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।”
বুধবার কুড়িগ্রাম-উলিপুর-চিলমারী সড়ক পরিদর্শন শেষে বিকেলে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিক ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের এমপি মো. জাফর আলী, সংরক্ষিত মহিলা এমপি আহমেদ সুলতানা নাজমিন নাজলী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শেখড়, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম মণ্ডল, প্রেসক্লাবের সভাপতি সফিখান, জেলা তথ্য অফিসার নুরুন্নবী বাবলা প্রমুখ।
এসময় মন্ত্রী আরও বলেন, “কুড়িগ্রামে দ্বিতীয় ধরলা সেতুর কাজ বর্তমান সরকারের আমলেই শুরু হবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা সেতু উদ্বোধন করতে এসে ফুলবাড়ির কুলাঘাটে দ্বিতীয় ধরলা সেতুর ভিত্তি স্থাপন করবেন।”
ধরলা সেতুর বাইপাস সড়ক নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, “আমার সময়ের মধ্যে আমি বাইপাস সড়ক নির্মাণে সর্বাত্বক চেষ্টা করে যাব। কারণ প্রতিশ্রুতি দিয়ে আমি হাততালি নিতে চাই না।”
তিনি বলেন, “কুড়িগ্রাম জেলার ভিতর যত রাস্তা আছে তা আগামী এপ্রিল মাসের মধ্যে চলাচল উপযোগী করা হবে।”
তিস্তা সেতু সর্ম্পকে তিনি বলেন, “এই সেতুর কাজ দীর্ঘদিন বন্ধ ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এ সেতুর কাজ জুনের মধ্যে শেষ করেছি। কিন্তু বর্ষার কারণে উদ্বোধনের কাজ বিলম্বিত হয়েছে। আগামীকাল ২০ সেপ্টেম্বর উত্তরাঞ্চলের মানুষের স্বপ্নের তিস্তা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
এ সেতু উদ্বোধন হলে কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী উন্নয়ন সাধিত হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর