 |
এবার অভিনেতা রওনক হাসানের স্ত্রী ফাতেমা জোহরা ঈতিশা অপহরণ হলো। তবে তা বাস্তবে নয়, নাটকের গল্পে। গত ২ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হয়েছে আফজাল হোসেন মুন্নার চিত্রনাট্য ও পরিচালনায় খন্ড নাটক ‘দি থার্ড ল’র। এ নাটকের গল্পে রওনক হাসানের স্ত্রী অপহরণ হন এবং তাকে অপহরণ করেন অভিনেতা আহমেদ রুবেল।
গল্প সম্পর্কে পরিচালক মুন্না বাংলানিউজকে জানান, ‘এর আগে আমি কখনই থ্রিলার গল্প নিয়ে নাটক তৈরি করিনি। এ নাটকের গল্পে সাদি ও কান্তার এক সুখের সংসার থাকে। হঠাৎ একদিন কান্তাকে অপহরণ করেন রাকিব নামের একজন সাইকো রোগী। সে মুক্তিপন না, অন্যকিছু চায়। তার দেয়া শর্ত পুরণ করতে গিয়ে সাদি একে একে নিজের ক্যারিয়ার, সম্মান, টাকা পয়সা সবকিছু জলাঞ্জলী দেয়। তারপর ঘটতে থাকে নানা ঘটনা। আশা করি, দর্শকরা পছন্দ করবে নাটকটি।’
বর্তমানে নাটকটির শুটিং হচ্ছে বাংলামোটর, শাহবাগ, রামপুরা, বনশ্রী এবং খিলগাঁও সহ ঢাকার বিভন্ন এলাকায়। রুদ্রার্ঘ প্রোডাকশনের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হচ্ছে নাটকটি।
এর অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ফাতেমা জোহরা ঈতিশা, লিপিকা আহমেদ প্রমূখ।
বাংলাদেশ সময় : ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৩
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন