 |
| ছবি: উজ্জল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকায় আকস্মিক টর্ণেডোয় কমপক্ষে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল বণিক বাংলানিউজকে বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে আকস্মিকভাবে টর্ণেডো মোহরার কুলাপাড়ায় আঘাত হানে। এতে চারটি কলোনির ৫০টি’রও বেশি ঘরের চাল উড়ে যায়।’
স্থানীয়দের সূত্রে জানা গেছে, টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত চারটি কলোনি হচ্ছে, ফয়েজ কলোনি, চেয়ারম্যান কলোনি এবং সালাহউদ্দিন কলোনি।
এসব কলোনির লোকজনসহ স্থানীয়রা ঈদুল ফিতরের নামাজে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। আকস্মিক টর্ণোডোতে সাধারণ লোকজন হতভম্ব হয়ে যান।
ওসি জানান, টর্নেডোতে ঘরের চালা উড়ে যাবার পাশাপাশি কমপক্ষে ১৫ জন বিভিন্নভাবে আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।
এদিকে মৌসুমী বায়ূর প্রভাবে চট্টগ্রাম নগরী সহ আশপাশের এলাকায় রোববার রাত থেকে বৃষ্টিপাত হচ্ছে। সোমবার সকাল ১১টা পর্যন্ত নগরীতে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
নগরীর পতেঙ্গা আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস কর্মকর্তা বাংলানিউজকে জানান, বৃষ্টিপাত আরও ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে হালকা থেকে মাঝারি অথবা ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘন্টা, আগস্ট ২০, ২০১২
আরডিজি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর