ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) পরিচালনা পর্ষদ এর অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির মুনাফা বেড়েছে গত বছরের অর্ধবার্ষিকীর তুলনায় আড়াই গুণ।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে, বিএটিবিসি ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন-২০১২) কর পরবর্তী মুনাফা হয়েছে ১৮৪ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩০ দশমিক ৭১ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট আয় হয়েছিল ৭৪ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১২ দশমিক ৪৩ টাকা।
অন্যদিকে গত ৩ মাসে (জানুয়ারি-মার্চ-২০১২) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ১১৫ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ১৯ দশমিক ২৪ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট আয় হয়েছিল ৭ কোটি ৫১ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ২৫ টাকা।
বাংলাদেশ সময় : ১৫০৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর