 |
লন্ডন: আট মাস পর দলে প্রত্যাবর্তনটা দারুণ হয়েছে ইয়ান বেলের। ডানহাতি ব্যাটসম্যানের শতকে বিশাল ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। সিরিজের প্রথম ওয়ানডেতে তারা ১১৪ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।
ইংল্যান্ড ইনিংস: ২৮৮/৬ (ওভার ৫০)
ওয়েস্ট ইন্ডিজ ইনিংস: ১৭২/১০ (ওভার ৩৩.৪)
ফল: ইংল্যান্ড ১১৪ রানে জয়ী
তারকা ক্রিকেটার ক্রিস গেইল দলে ফেরায় স্বস্তি ফিরেছিলো ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। ভাগ্য সহায় হয়নি ক্যারিবীয়দের। চোটের জন্য ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি বাঁহাতি ক্রিকেটার। ঠিক উল্টো দৃশ্য ইংলিশ শিবিরে। ২০১১ সালের অক্টোবরের পর দলে ফিরে ১২৬ রানের ঝলমলে এক ইনিংস খেলেন ইয়ান বেল। ড্যারেন ব্রাভোর বলে আউট হওয়ার আগে ১১৭ বল খেলে শতক হাঁকান তিনি।
তবে সফল হতে পারেননি অপর ওপেনার অ্যালিস্টার কুক। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ইংলিশ অধিনায়ক। কুক সাজঘরে ফেরার পর বেলের সঙ্গে ৬৬ বলে ৪৪ রানের ইনিংস খেলেন জনাথন ট্রট। সুনিল নারিনের বলে দিনেশ রামদিনের হাতে ক্যাচ দেন ট্রট।
শেষ দিকে ক্রেইগ কিসওয়েটারের ৩৯ বলে ৩৮ ও স্টুয়ার্ট ব্রডের ১৫ বলে ২২ রানের হার না মানা ইনিংসের সুবাদে ২৮৮ রানে শেষ হয় স্বাগতিকদের ইনিংস।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেটে ১২৭ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির জন্য ২৩ ওভার পর বন্ধ হয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। এরপর আবহাওয়া অনুকূলে এলে বৃষ্টি আইনে ক্যারিবীয়দের লক্ষ্য দাঁড়ায় ২৮৭। তবে সুবিধা করতে পারেনি সফরকারী কোনো ব্যাটসম্যান। শুধু ওপেনার ডোয়াইন স্মিথের ব্যাট থেকে আসে ৫৬ রান। শেষপর্যন্ত ৩৩.৪ ওভার ব্যাট করে ২৭২ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, জুন ১৭, ২০১২
এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস