 |
আগরতলা(ত্রিপুরা): বৃহস্পতিবার ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। শেষ খবর বেলা বারোটা পর্যন্ত ভোট গ্রহণকে কেন্দ্র করে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ এবং অবাধ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
এ বারের নির্বাচন রাজ্যের একাদশ বিধানসভা নির্বাচন। ত্রিপুরার দিকে তাকিয়ে এখন পুরো দেশ। দেশের একমাত্র বাম শাসিত রাজ্য ত্রিপুরা, দেড় বছর আগে কেরালা ও পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে কমিউনিস্টরা। এবার দেখার পালা, মানিক সরকার কি পারবেন বাম দুর্গ অক্ষত রাখতে?
৬০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৩০৪১ টি। এর মধ্যে ৩২টি অতি স্পর্শকাতর এবং ১১২টিকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে ৬৫৬টি বুথ রয়েছে বিপজ্জনক বলে পরিচিত এলাকায়।
এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৫২ হাজার। বেলা বারোটা পর্যন্ত গড়ে প্রায় ৩৫ শতাংশ ভোট ব্যালট বক্সে পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
ত্রিপুরায় বরাবরই উচ্চ হারে ভোট পড়ে। গত বিধানসভাতেও ভোট পড়েছিল প্রায় ৯৩ শতাংশ। বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন বুথে মানুষের লাইন। বেলা বাড়ার সাথে সাথে এই লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩
তন্ময়/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর