চট্টগ্রাম: সন্তানের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন হোসনে আরা বেগম (৩২) নামে এক মা।
শনিবার সকালে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার রউফাবাদ কলোনিতে এ ঘটনা ঘটেছে।
স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কনস্টেবল আনিসুর রহমান বাংলানিউজকে জানান, নিজের ১২ বছর বয়সী ছেলের পড়ালেখা নিয়ে বেশ কিছুদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন মা হোসনে আরা বেগম। গতকাল (শুক্রবার) ওই ছেলে তার মায়ের কাছ থেকে বেশকিছু টাকা চুরি করে নিয়ে যায়।
এতে সন্তানের ভবিষ্যৎ চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েন হোসনে আরা বেগম। এর একপর্যায়ে শনিবার ভোরে পরিবারের অন্য সদস্যদের অগোচরে তিনি বাসার একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে সিলিংয়ের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
শনিবার সকাল ৯টা ১০ মিনিটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১১ ২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
আরডিজি, সম্পাদনা : তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর