বলিউডে বিতর্কের রেকর্ড গড়তে চলেছে মধুর ভান্ডারকারের ছবি ‘হিরোইন’। নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকে এটি একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছে। ‘হিরোইন’-এর শুটিং ও পোস্ট প্রডাকশনের কাজ শেষে ছবিটি ভারতীয় সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এ জমা দেওয়া হয়। ছবিটির সেন্সর সার্টিফিকেটে বোর্ডের জুড়ে দেওয়া কিছু শর্ত ‘হিরোইন’-কে আবার করে তুলেছে বিতর্কিত।
‘হিরোইন’ ছবিটিকে সেন্সর বোর্ড ‘এ’ গ্রেডের সার্টিফিকেট দিয়েছে। সেই সঙ্গে শর্ত দেওয়া হয়েছে যে, কারিনা কাপুরের ধূমপানের যে সব দৃশ্য রয়েছে, তার প্রতিটিতেই ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ দেখাতে হবে।
এই সংবিধিবদ্ধ সতর্কীকরণ নিয়েই তৈরি হয়েছে আবার নতুন বিতর্ক। কারণ ‘হিরোইন’- এর কাহিনীর প্রয়োজনে কারিনা কাপুরকে ছবির ৩০টি দৃশ্যে ধূমপানরত অবস্থায় দেখা যাবে। যদি সেন্সর বোর্ডে আরোপ করা শর্ত মানতে হয়, তাহলে দর্শকদের বার বার নোটিশটি দেখতে হবে। এটি হয়ে উঠতে পারে দর্শকদের জন্য বিরক্তির বিষয়। যা ছবির বাণিজ্যিক সাফল্যকে প্রভাবিত করতে পারে।
‘হিরোইন’-এর প্রযোজনা প্রতিষ্ঠান ইউটিভি শর্তটি স্থগিতের জন্য আদালতের আশ্রয় নেয়। কিন্তু আদালতের রায় সেন্সর বোর্ডের পক্ষেই যায়।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ নোটিশের ব্যাখ্যা দিয়ে সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “আমরা ‘হিরোইন’ ছবির ধূমপানের দৃশ্যগুলোতে সতর্কীকরণ নোটিশ দিতে বলেছি। এটি সব ছবির ক্ষেত্রেই প্রযোজ্য। ‘রাজ-৩’ ছবির ক্ষেত্রেও এ ব্যাপারে আমরা ছাড় দেইনি। ‘হিরোইন’-এর ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া হবে না। শুধু ভারতেই নয়, হলিউডেও একই ধরনের নজির রয়েছে। তাই নেটিশের শর্তের ব্যাপরে কোনো পরিবর্তন আসবে না।”
তিনি আরো বলেন, “হিরোইন’ ছবির ১০টি দৃশ্যে পরিস্কারভাবে একটি সিগারেট ব্রান্ডকে তুলে ধরা হয়েছে। আমরা ব্রান্ডের নাম অস্পষ্ট করে দিতে বলেছি।”
সিবিএফসির এমন সিদ্ধান্তে অনেকটা হতাশ ‘হিরোইন’-এর পরিচালক মাধুর ভান্ডারকারসহ ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সবাই। তারা বলেছেন, ১৯৬৮ সালে নার্গিসের ‘রাত অর দিন’ ছবিটির অনেক সিক্যুয়েন্সে ধূমপানের দৃশ্য দেখানো হয়েছে, তখন কেউ বাধা দেয়নি। এখন আমরা কি আগের যুগে চলে যাচ্ছি না অগ্রসর হচ্ছি?
পুরো বিষয়টি নিয়ে বলিউডে চলছে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১২ সম্পাদনা: বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।