নওগাঁ: নওগাঁ সদর উপজেলার পাহারপুর এলাকার হাসান হোসেন রাইস মিলে অবৈধভাবে মজুদ রাখা সরকারি খাদ্য অধিদপ্তরের ৫৩৭ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের নেতৃত্বে একটি পরিদর্শক দল হাসান হোসেন রাইস মিলে অভিযান চালায়। এ সময় ওই মিলের গোডাউনে ৫০ কেজি করে ওজনের ৫৩৭টি পাটের বস্তায় মজুদ রাখা চাল জব্দ করা হয়।
এ ঘটনায় মিলের মালিক হাফিজার রহমানকে আটক করে তার রাইস মিলটি সিলগালা করা হয়েছে।
তিনি আরও জানান, মিল মালিক হাফিজারকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
সরকারি কোনো প্রকল্পের চাল গোপনে ক্রয় করে বেশী মুনাফা লাভের আশায় মজুদ করা হয় বলে ধারণা করছেন ওসি।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২
প্রতিবেদন: শফিক ছোটন
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান.নিউজরুম এডিটর