বিএনপির মালদ্বীপ শাখার আহবায়ক কমিটির প্রতিনিধি সম্মেলন গত শুক্রবার মালের পাঁচ তারকা বানডস রিসোর্টের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম।
মালদ্বীপ বিএনপির আহবায়ক মো: মাসুম সিরাজের সভাপতিত্বে সম্মেলনে শতাধিক প্রতিনিধির উন্মুক্ত আলোচনা ও মতামতের ভিত্তিতে এবং সর্বসম্মতিক্রমে মালদ্বীপ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
৭১ সদস্যের কমিটিতে মো: মাসুম সিরাজ সভাপতি, মো: নেহের মিয়া রানা সিনিয়র সহ-সভাপতি, মো: এমরান হোসেন তালুকদার সাধারণ সম্পাদক ও মো: রবিউল আলম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি মো: কামাল আহম্মেদ, মো: ফয়সাল, মো: মনিরুল ইসলাম, মো: মাহাবুব রহমান, মো: নাছির উদ্দিন ও মো: মোশারফ হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম ও মো: মাসুম মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মো: মাহামুদুল হাসান, প্রচার সম্পাদক মো: খলিলুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন আলম মালদ্বীপ বিএনপি বিভিন্ন সময়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী সরকারের বিরুদ্ধে ক্রমাগত প্রতিবাদী ভূমিকা রাখার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি মালদ্বীপ প্রবাসী সকল জাতীয়তাবাদী জিয়ার সৈনিককে ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার হাতকে প্রবাসে আরো বেশি শক্তিশালী করার আহ্বান জানান।
আওয়ামী-বাকশালী সরকারের সকল অগণতান্ত্রিক স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপি মালদ্বীপ শাখা প্রতিবাদী ও অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১২
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর