 |
লন্ডনের গ্লোব থিয়েটারে প্রশংসিত ঢাকা থিয়েটারের নতুন নাটক ‘দ্য টেম্পেস্ট’ আরও একটি আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশ নিতে যাচ্ছে। ভারতের ব্যাঙ্গালোরে নাট্যদল ‘রঙ্গ শঙ্করা’ আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসবে প্রদর্শিত হবে ‘দ্য টেম্পেস্ট।’
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা নাট্যদলগুলো গ্লোব থিয়েটারে শেক্সপিয়রের যে নাটকগুলো প্রদর্শন করেছে, তার মধ্য থেকে মাত্র সাতটি নাটক এই উৎসবে প্রদর্শিত হবে। এটি ভারতের অন্যতম বৃহৎ নাট্যোৎসব। এই নাট্যদলের সঙ্গে যুক্ত আছেন প্রখ্যাত নাট্যকার গিরিশ কারনাড।
৫ নভেম্বর নাট্যজন নাসির উদ্দীন ইউসুফের নেতৃত্বে ভারতের উদ্দেশে ১৮ সদস্যের দল নিয়ে যাত্রা করবে ঢাকা থিয়েটার। উৎসবে ৮ ও ৯ নভেম্বর ‘দ্য টেম্পেস্ট’র দুটি প্রদর্শনী হবে। শেক্সপিয়রের নাটক ‘দ্য টেম্পেস্ট’ অনুবাদ ও রূপান্তর করেছেন রুবাইয়াৎ আহমেদ। নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।
নাটকটিতে অভিনয় করেছেন শিমুল ইউসুফ, কামাল বায়েজীদ, শহীদুজ্জামান সেলিম, খাইরুল ইসলাম পাখি, এশা ইউসুফ, চন্দন চৌধুরী, রুবল লোদী, সাজ্জাদ রাজীব, রফিকুল ইসলাম, সামিউন জাহান দোলা ও রুবাইয়াৎ আহমেদ।
নাটকটি প্রসঙ্গে নাসির উদ্দীন ইউসুফ জানান, ঢাকা থিয়েটার বরাবরই বাংলার ঐতিহ্যবাহী নাট্য আঙ্গিক তাদের প্রযোজনায় প্রাধান্য দিয়ে থাকে। ‘দ্য টেম্পেস্ট’র ক্ষেত্রেও সে আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত ঘটেনি।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১২
এমকে