 |
ঢাকা: মহাশূন্যে পূর্বে স্থাপিত একটি মডিউলের সঙ্গে সম্প্রতি পাঠানো মডিউলটি ম্যানুয়ালি সংযোগের কাজটি সফলভাবে সম্পন্ন করল চীন।
এই প্রথমবারের মতো চীন মানুষের সাহায্যে মহাকাশে মডিউল সংযোগ (ম্যানুয়াল ডকিং) করল। এর আগে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এ কাজ সম্পন্ন করে চীন।
সম্প্রতি পাঠানো শেনঝু-৯ মহাকাশযানে অবস্থানরত নভোচারীরা স্বয়ংক্রিয় পদ্ধতির সাহায্য ছাড়াই তিয়াংগং-১ মডিউলের সঙ্গে তাদের মডিউলটি সফলভাবে সংযোগ করেছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।
উল্লেখ্য, কোন কারণে স্বয়ংক্রিয় ব্যবস্থা বিকল হয়ে গেলে জরুরি ভিত্তিতে ডকিংয়ের কাজটি ম্যানুয়ালি করা হয়। আর এ কাজটি খুবই কঠিন কারণ, ঘণ্টায় কয়েক হাজার মাইল বেগে ছুটে চলা দু’টি মহাকাশযানের মধ্যে সংযোগ স্থাপন করতে হয়। সে ক্ষেত্রে মহাকাশে চীনের এ সফলতাকে মাইলফলক হিসেবেই দেখছে আন্তর্জাতিক মহল।
চলতি মাসের ১৬ তারিখে চীন শেনঝু-৯ মহাকাশযান উৎক্ষেপণ করে। ১৮ জুন তিয়াংগং-১ এর সঙ্গে সফলভাবে স্বয়ংক্রিয় ডকিং সম্পন্ন হয়। এখন এই ম্যানুয়াল ডকিংয়ের মাধ্যমে ২০২০ সাল নাগাদ নিজস্ব মহাকাশ স্টেশন স্থাপনের লক্ষ্যে চীন বাস্তবিকপক্ষেই উল্লেখযোগ্য পরিমাণ অগ্রগতি করল।
এর আগে ১৯৬০’র দশকে ম্যানুয়াল ডকিংয়ের মাধ্যমে মহাকাশে মডিউল সংযোগ সফলভাবে সম্পন্ন করে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর