সিলেট: ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই ট্রাক শ্রমিক নেতার নিঃশর্ত মুক্তি ও পাঁচ দফা দাবিতে সিলেটে ট্রাক ধর্মঘট শুরু হয়েছে।
সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন বুধবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার এ ধর্মঘট ডাক দেয়।
সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার সাংবাদিকদের জানান, দুই শ্রমিক নেতার মুক্তি ও স্থায়ী টার্মিনাল নির্মাণ করা না হলে অনির্দিষ্টকালের মতো ধর্মঘট চলবে।’
এদিকে ধর্মঘটের কারণে ঢাকা-সিলেট মহাসড়ক, চন্ডিপুল এলাকার বিভিন্ন সড়কে আটকা পড়েছে শত শত ট্রাক। ট্রাকের দীর্ঘ সারিতে হালকা যানযটও সৃষ্টি হচ্ছে মহাসড়কের সিলেটের প্রবেশমুখে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া বাংলানিউজকে বলেন, ‘এ ধর্মঘটের কারণে নগরীতে কোনো সমস্যা হচ্ছে না। এছাড়া কোথাও যানজটের খবরও আমার কাছে নেই।’
সিলেটের জেলা প্রশাসক খান মো. বিলাল বাংলানিউজকে বলেন, ‘মঙ্গলবার জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন ৫ দফা দাবি নিয়ে এসেছিল। প্রশাসনিক বিষয়গুলো সমাধন করা হবে বলে আশ্বাস দিয়েছিলাম। এছাড়া মামলার বিষয়ে আদালতে আমাদের কিছু করার নেই।’
ধর্মঘট ডেকে ভোগান্তি সৃষ্টি না করার জন্য ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতাদের অনুরোধ করা হয়েছিল বলেও জানান তিনি।
ট্রাক শ্রমিকদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে- গত ২৫ মার্চ নগরীর ক্বীণব্রিজ এলাকায় ছাত্রলীগ কর্মী আলফু আহমদ হাসান হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতা আব্দুল বাতির কবির ও আব্দুল হক রিপনের নিঃশর্ত মুক্তি, সিলেটে ট্রাক টার্মিনাল নির্মাণ, বিভিন্ন রোডে বাঁশকল বসিয়ে অবৈধ চাঁদা আদায় বন্ধ, হাইওয়ে পুলিশের চাঁদাবাজি ও কোম্পানীগঞ্জে মালিক সমিতির নামে অবৈধ চাঁদা আদায় বন্ধ করা।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জুন ১২, ২০১২
এসএস/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর