 |
রিয়াদ : সংসদের বিরোধী দলীয় নেতা ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে মঙ্গলবার রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা জানিয়েছেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
খালেদা জিয়া রিয়াদে এসে পৌঁছালে সৌদি রাজকীয় প্রটোকলের কর্মকর্তা ও বিএনপির প্রবাসী শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির উপদেষ্টা মোঃ ফিরোজ খাঁন, সৌদি পূর্বাঞ্চল বিএনপির সভাপতি কারী আব্দুল হাকিম, যুগ্ন আহবায়ক শহিদুল্লা ভূঁইয়া, যুবদল সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, আহাম্মদউল্লা জনি, তাজুল ইসলাম গাজী, শ্রমিকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান, মোঃ আলমগীর সেচ্ছাসেবক দল নেতা দেওয়ান রুপুসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা।
খালেদা জিয়া বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের দেশের বর্তমান সংকট ও বিরোধী দলের নেতাদের ওপর সরকারের নির্যাতন থেকে মুক্তি ও সর্বপরি দেশের জন্য দোয়া করার আহবান জানান।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান টেলিফোনে বাংলানিউজকে জানান, বিএনপি চেয়ারপার্সন বুধবার তার স্বাস্থ্য পরীক্ষার জন্য রিয়াদের কিং সৌদ হাসপাতালে ভর্তি হবেন। স্বাস্থ্য পরীক্ষার পর বৃহস্পতিবার রাতে দেশে ফেরার কথা রয়েছে তার।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুন ২০, ২০১২
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর