সিলেট: নিখোঁজ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে শনিবার নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা যুবদল।
বিকেল ৩টায় আম্বরখানাস্থ যুবদলের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সহ-আন্তর্জাতিক সম্পাদক আব্দুল বাতিন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, যুবদল নেতা সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এনামুল কবির বাদশা, আব্দুস শুকুর, মিনহাজ উদ্দিন মুসা, আব্দুল আজিজ, হেলাল উদ্দিন, আলী আহমদ হীরা, আব্দুল মালেক, সাহেদুল ইসলাম বাচ্চু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল মান্নান বলেন, ‘ইলিয়াস আলীকে সরকারের কোন এজেন্সি অপহরণ করেছে, ইতিপূর্বে এটি প্রমাণিত হয়েছে। তাকে ফেরত না দিলে কেন্দ্র ঘোষিত যে কোনো কঠোর কর্মসূচি বাস্তবায়নে যুবদলকর্মীরা মাঠে থাকবে।’
ইলিয়াস আলীর কিছু হলে দেশের যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে তার দায়ভার সরকারকেই নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথির বক্তব্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশে একের পর এক গুম, হত্যা ও অপহরণের ঘটনা ঘটছে। সরকারকে এসব গুম ও নিখোঁজের ঘটনার ব্যর্থতার দায়ভার নিয়ে এক সময় জনগণের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২
এনামুল হক/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর