মাদ্রিদ: গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছেন বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসি। নতুন মৌসমেও ছন্দে ব্যতয় ঘটবে না। রাজা কাসাব্লাঙ্কার বিপক্ষে প্রীতি ম্যাচে সে বার্তা দিয়েছেন ২৫ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক। তার হ্যাট্রিকের সুবাদে ৮-০ গোলের ব্যবধানে কাসাব্লাঙ্কাকে উড়িয়ে দিয়েছে বার্সা।
গ্র্যান্ড স্ট্রাডে স্টেডিয়ামে বার্সার সামনে দাঁড়াতে পারেনি কাসাব্লাঙ্কা। ১৪ মিনিটে গোলের সূচনা করেন সানচেজ। এরপর ২০ মিনিটের মধ্যে জোড়া গোল করে দলকে এগিয়ে নেন মেসি। বিরতির আগে হ্যাট্রিক পূর্ণ করেন ফিফা ব্যালন ডি’ওরের পুরস্কার জেতা মেসি।
মেসির জ্বলে উঠার দিনে আলো ছড়িয়েছেন সানচেজ। ৫৮ মিনিটে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এছাড়া দুটি গোল করেন সার্গি রবার্তো। বাকি গোলটি গেরার্দ ডিলোফির। পেপ গার্দিওলার বিদায়ের পর নতুন কোচ তিতো ভিলানোভার অধীনে স্প্যানিশ লিগের জন্য তৈরি হচ্ছেন মেসিরা।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর