 |
প্রামাণ্যচিত্র ‘পথে পথে’-এর উদ্বোধনী প্রদর্শনী আগামী শনিবার ১ সেপ্টেম্বর সকাল ১১টায় রাজধানীর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
মিডিয়াওয়াচ প্রোডাকশন নির্মিত ১০ মিনিটের এই প্রামাণ্যচিত্রে রাজধানীর ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনচিত্র ও ব্যবসার ধরণ তুলে ধরা হয়েছে।
প্রামাণ্যচিত্রের অন্যতম নির্মাতা আরিফুল ইসলাম আরমান জানান, ‘রাজধানীর ফুটপাত ও গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহে নানা রকম ব্যবসায়ী রয়েছে। যারা নানা পন্থায় সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি করে। আমরা প্রামাণ্যচিত্রে সেই পন্থাগুলো চিত্রায়ণ করার চেষ্টা করেছি। ’
প্রামাণ্যচিত্রে অন্যান্য নির্মাতা হচ্ছেন দিদারুল করিম, ইমরান নূর ও তাসমিয়া বিল্লাহ। এরা প্রত্যেকেই ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের শিক্ষার্থী। ইউনিভার্সিটির ডকুমেন্টারি প্রোডাকশন কোর্সের অংশ হিসেবে তারা প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন। প্রামান্যচিত্রের নির্দেশনায় ছিলেন মুহাম্মদ সাজ্জাদ হোসেন।
এর আগে ২০১১ সালে তারা ‘খাজা বাবার ডেক’ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। উদ্বোধনী প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
বাংলাদেশ সময় ১৮১০, আগস্ট ২৯, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক