ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের স্মরণে ৩ দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ২০ ফেব্রুয়ারি থেকে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
প্রদর্শনীতে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত ‘মুক্তির গান’, ‘মুক্তির কথা’, ‘মাটির ময়না’, ‘রানওয়ে’, ‘নরসুন্দর’ ও ‘একুশ’ দেখানো হবে।
প্রদর্শনী নিয়ে ক্যাথরিন মাসুদ বলেন, ‘নতুন প্রজন্ম নিয়ে তারেক সব সময় স্বপ্ন দেখতেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সে সবসময় সোচ্চার ছিল। সে বেঁচে থাকলে অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে প্রজন্ম চত্বরের আন্দোলনে যোগ দিতো। যদিও তারেক আমাদের মাঝে নেই। কিন্তু প্রজন্ম চত্বরের পাশে তার নির্মিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনীর মাধ্যমে সে এই আন্দোলনের একটি অংশ হয়ে থাকবে।’
চলচ্চিত্রর প্রদশর্নীর জন্য টিকেট মূল্য ধরা হয়েছে ৫০ টাকা।
বাংলাদেশ সময় : ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন