খুলনা: পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের লক্ষ্যে খুলনায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সফিকুর রহমান বাংলানিউজকে জানান, ঈদে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্তর তিনটি হলো পোশাকধারী, পোশাক ছাড়া এবং সাদা পোশাকে গোয়েন্দা (ডিবি) ও নগর বিশেষ শাখার (সিটিএসবি) পুলিশ।
এছাড়া তিনি আরো জানান, বিশেষ নিরাপত্তা দিতে প্রস্তুত থাকবেন এলিট ফোর্স র্যাবের সদস্যরা।
র্যাব-৬ এর লে. সাজ্জাদ বাংলানিউজকে জানান, মহানগরী এলাকায় র্যাবের ৭০ জন সদস্য ২৪ ঘণ্টা কাজ করছেন।
২টি টহল টিম ছাড়াও র্যাব সদস্যরা সাদা পোশাকে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান করছেন।
সিটিএসবি’র বিশেষ পুলিশ সুপার জুলফিকার আলী হায়দার বাংলানিউজকে জানান, ৪৫ জন সিটিএসবি’র সদস্য নগরী জুড়ে সার্বক্ষণিক কাজ করছেন। পাশাপাশি ডিএসবি’র ২টি টিম সাদা পোশাকে নগরীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছেন।
এছাড়া ২০ সদস্যের ২টি এসটিএফ টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
মাহবুবুর রহমান মুন্না/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর