 |
ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত যমুনা অয়েল কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
যমুনা অয়েল ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জুলাই থেকে ডিসেম্বর-২০১২) কর পরবর্তী মুনাফা হয়েছে ৭৩ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ দশমিক ৫০ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৮৮ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ১২ দশমিক ৫৫ টাকা।
সুতরাং এক বছরের ব্যবধানে কোম্পানির মুনাফা কমেছে ১৪ কোটি ৪৪ লাখ টাকা।
২০১২ সালে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৩০ শতাংশ শেয়ার লভ্যাংশ বিবেচনা করে ছয়মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ৮ দশমিক ০৭ টাকা। গত বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৯ দশমিক ৬৬ টাকা।
অন্যদিকে গত ৩ মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১২) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩১ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪ দশমিক ৪৭ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৬৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯ দশমিক ০৩ টাকা।
২০১২ সালে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৩০ শতাংশ লভ্যাংশ বিবেচনা করে তিনমাসে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ৩ দশমিক ৪৪ টাকা এবং গত বছর একই সময়ে ইপিএস ছিল ৬ দশমিক ৯৫ টাকা।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর