নোয়াখালী: নোয়াখালীতে হরতালের আগের রাতে থেকে সোমবার হরতাল চলাকালীন জেলার বিভিন্ন উপজেলা থেকে পুলিশ জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মীকে আটক করেছে।
স্থানীয়রা জানায়, দুপুর ১২টার সময় শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের সামনের সড়কে শিবির কর্মীরা ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জেলা পুলিশ সুপার (এসপি) মাহাবুবুর রশিদ আটকের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, হামলা- বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে।
এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হরতালের সমর্থনে জেলা শহর মাইজদী, স্টেডিয়াম পাড়া, সোনাপুর, রশিদ কলোনী, দত্তেরহাট, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ, চৌমুহনী, সেনবাগসহ জেলার বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা গেছে।
হরতালে জেলার বিভিন্ন স্থানের ছোট দোকানপাট খোলা থাকলেও বড় মার্কেটগুলো বন্ধ রয়েছে।
রাস্তায় রিকশা ও মোটরসাইকেল ছাড়া বড় ধরনের কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বন্ধ রয়েছে দুরপাল্লার সব যান চলাচল।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর