 |
ঢাকা: বৃহস্পতিবার তফসিলি ব্যাংকগুলোর কিছু শাখা নির্ধারিত সময় খোলা থাকছে। শবে কদরের বন্ধ থাকায় দেশের তফসিলি ব্যাংকগুলো নিজম্ব ব্যবস্থাপনায় খোলা রাখা যাবে। এদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত বিশেষ বিবেচনায় ব্যাংকগুলো তাদের শাখায় লেনদেন করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ সম্প্রতি এ নিদের্শনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন ঈদুল ফিতরের ঠিক আগ মুহূর্তে সাধারণের লেনদেনের সুবিধার্থে নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকগুলো শিল্পঘন এলাকা, ঢাকা মহানগরীর শাখাগুলো, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণঞ্জ, চট্টগ্রাম, খুলনাসহ প্রয়োজন অনুযায়ী যে কোনো স্থানে তাদের সবগুলো শাখা অথবা সুনির্দিষ্ট শাখা সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত খোলা রাখতে পারবে।
এর আগে বাংলাদেশ ব্যাংক আরেকটি প্রজ্ঞাপন দিয়ে, আগামী ১৮ আগস্ট (শনিবার) দেশের সব তফসিলি ব্যাংক তাদের সব শাখা নিজস্ব ব্যবস্থাপনায় খোলা রাখতে পারবে বলে জানায়। সেটিও বলবত থাকছে।
জারি করা আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছিলো, সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বৈদেশিক বাণিজ্যে লেনদেনের জন্য বিমান, সমুদ্র, নৌ অথবা স্থল বন্দরের অথোরাইজড ডিলার (এডি) শাখাগুলো খোলা রাখা যাবে।
এছাড়া দেশের অন্যত্র বৈদেশিক লেনদেনের সাথে জড়িত যেসব শাখা খোলা রাখা প্রয়োজন সেগুলোও খোলা রাখা যাবে।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
এসএআর/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর