ঢাকা: পদ্মাসেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধ করার ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য তাদের সঙ্গে সরকারের আলোচনা করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
একই সঙ্গে যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের সনাক্ত করে শাস্তির আওতায় আনা সরকারের জন্য অগ্নি পরীক্ষা। সরকার যাতে দুর্নীতির অভিযোগ থেকে মুখ না ফেরায়, সে দিকে খেয়াল রাখতে হবে বলে মনে করেন ইফতেখারুজ্জামান।
দুর্নীতির অভিযোগ প্রমাণ পাওয়ার কথা বলে বিশ্বব্যাংক শুক্রবার পদ্মাসেতু প্রকল্পে তাদের অর্থায়ন বাতিলের ঘোষণা দেয়। ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে সংস্থাটির ১২০ কোটি ডলার অর্থায়ন করার কথা ছিল।
বিশ্বব্যাংকের এই সিদ্ধান্তের পর বাংলানিউজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ড. ইফতেখারুজ্জামান বলেন, “অর্থায়ন বন্ধ করে সরকার এবং দেশের মানুষকে কষ্ট দেওয়ার অধিকার তাদের নেই। দুর্নীতি হয়ে থাকলে সেখানে তাদেরও দায়িত্ব আছে। অর্থায়ন বন্ধ না করে দুর্নীতির তদন্ত এবং নির্মাণের কাজ একই সঙ্গে চলতে পারতো।”
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ৩০, ২০১২
এমআইএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com