ঢাকা : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ১০৫টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এদিন এসিআই ফর্মুলেশন কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৩৫ দশমিক ৮৯ শতাংশ দাম হারিয়ে টপটেন লুজারের শীর্ষে অবস্থান করে।
এছাড়া এসিআই কোম্পানির শেয়ার ২১ দশমিক ৬৯ শতাংশ দাম হারিয়ে ওই তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন এসিআই ফর্মুলেশন কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ১০৩ দশমিক ৭ টাকায় এবং সর্বনিম্ন ৯৭ দশমিক ১ টাকায় লেনদেন হয়।
গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার ১৫২ দশমিক ৪ টাকায় লেনদেন হয়েছিল। বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৯৭ দশমিক ৭ টাকা। সুতরাং একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ার ৫৫ টাকা দাম হারিয়েছে।
ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা গেছে, ২০০৮ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ১০০টিতে।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এ কোম্পানির বাজার মূলধন ৪৫৭ কোটি ২০ লাখ টাকা। এছাড়া কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা।
বাজারে কোম্পানির মোট শেয়ার রয়েছে ৩ কোটি। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬৬ দশমিক ০২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৭ দশমিক ৫৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৬ দশমিক ৩৯ শতাংশ শেয়ারের রয়েছে।
উল্লেখ্য, এসিআই ফর্মুলার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ২৫ শতাংশ ক্যাশ এবং ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।
সমাপ্ত অর্থবছরে এসিআই ফর্মুলা কোম্পানির নিট লাভ হয়েছে ১৪ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪ দশমিক ৮৯ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৫৪ দশমিক ৬৩ টাকা।
২০১০ সালে সমাপ্ত অর্থবছরে এসিআই ফর্মুলা কোম্পানির নিট লাভ হয়েছিল ৯ কোটি ১৬ লাখ ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ দশমিক ০৫ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৫২ দশমিক ৭৩ টাকা।
অন্যদিকে, বৃহস্পতিবার এসিআই কোম্পানির শেয়ার সর্বোচ্চ ২০৪ দশমিক ৩ টাকা এবং সর্বনিম্ন ১৯৫ দশমিক ৬ টাকায় লেনদেন হয়।
গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছিল ২৪৯ দশমিক ৮ টাকায়। বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ ১৯৫ দশমিক ৬ টাকায় লেনদেন হয়। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম কমেছে ৫৪ টাকা।
গত কার্যদিবসের দামের তুলনায় বৃহস্পতিবার ডিএসইতে দাম হারানো শীর্ষ ১০ কোম্পানি হলো- এসিআই ফর্মুলেশন ৩৫ দশমিক ৮৯ শতাংশ, এসিআই ২১ দশমিক ৬৯ শতাংশ, ইবনে সিনা ২১ দমমিক ৬২ শতাংশ, নর্দান ইন্স্যুরেন্স ৬ দশমিক ১৫ শতাংশ, আজিজ পাইপ ৫ দশমিক ২২ শতাংশ, দ্বিতীয় আইসিবি ৩ দশমিক ৬০ শতাংশ, ফিনিক্স ফিন্যান্স ৩ দশমিক ৪৮ শতাংশ, পিএফ ফাস্ট ৩ দশমিক ১২ শতাংশ, মারিকো ২ দশমিক ৯৬ শতাংশ এবং প্রাইম ফাস্ট আইসিবি ২ দশমিক ৮১ শতাংশ।
এছাড়া বৃহস্পতিবার লেনদেনের শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে ডিএসই’র দাম হারানো শীর্ষ ১০ কোম্পানি হলো- দুলামিয়া কটন, এশিয়া ইন্স্যুরেন্স, জেমিনি সি ফুড, এআইএমএস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আনোয়ার গ্যালভানাইজিং, এসিআই ফর্মুলেশন, রূপালী ব্যাংক, মিডাস ফিন্যান্স, আইসিবি ব্যাংক এবং পিএফ ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ১৭, ২০১২
এসএনএইচ/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর