গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে শুক্রবারও ঢাকাগামী যানবাহনের চাপ অব্যাহত থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
শুক্রবার সকাল থেকে ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত গাড়ির চাপ রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ঈদের ছুটি শেষে রাজধানীর উদ্দেশে কর্মজীবী মানুষজন আবার ফিরতে শুরু করেছে। এসব যানবাহনগুলো দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে একযোগে ঘাট এলাকায় এসে সঙ্গে নদী পার হওয়ার জন্য মহাসড়কের ওপর সারিবদ্ধভাবে অপেক্ষা করছে।
দৌলতদিয়া ফেরি ঘাটে ১৩টি ফেরি যানবাহন পারাপার করছে বলে ঘাট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার দৌলতদিয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ চৌধুরী বাংলানিউজকে জানান, ১০টি রো রো ও ৩টি কেটাইপ ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে। কোনো মালবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় নেই। যাত্রীবাহী বাসের সঙ্গে লোকাল বাসগুলো এক সারিতে থাকায় সড়কে ৩ কিলোমিটার লম্বা লাইন সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর