চট্টগ্রাম : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র সদস্যরা একদিন আগেই ঈদুল ফিতর উদযাপন করেছে। তবে তাদের সঙ্গে যোগ দেয়নি নিষিদ্ধ ঘোষিত অপর জঙ্গী সংগঠন হিযবুত তাহরীর সদস্যরা।
রোববার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কর্ণফুলী ভবনের পঞ্চম তলায় একই ওয়ার্ডে বন্দি জেএমবি সদস্যরা সকাল সাড়ে ৯টার দিকে নামাজ আদায় করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম কারাগারের জেলার মো. মাহাবুবুল আলম বাংলানিউজকে বলেন, কর্ণফুলী ভবনে জেএমবি সদস্যরা নিজেরা ঈদ করছেন বলে শুনেছি। তারা আমাদের কিছু জানায়নি। আর তাদের ঈদকে আমরা স্বীকৃতি দেইনি। আমরা কাল (সোমবার) কারাগারে ঈদ উৎসবের আয়োজন করেছি।
কারাগারের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কারাগারে বর্তমানে মোট ২৭ জঙ্গি আছে। এদের মধ্যে ১২ জন জঙ্গি আছে যারা জেএমবি’র সদস্য। এদের মধ্যে জেএমবি’র চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ এবং বোমা বিশেষজ্ঞ মিজানুর রহমান ওরফে বোমা মিজানসহ সাজাপ্রাপ্ত, দুর্ধর্ষ জঙ্গিরা আছে।
এছাড়া কারাগারে ১৫জন হিযবুত তাহরীর সদস্যও আছে। নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের সময় কিংবা মসজিদের সামনে লিফলেট বিতরণের সময় তাদের গ্রেফতার করে পুলিশ।
সূত্র জানায়, জেএমবি ও হিযবুত তাহরীরের সদস্যদের সবাইকে কর্ণফুলী ভবনের পঞ্চম তলায় একই ওয়ার্ডে রাখা হয়েছে।
এ প্রসঙ্গে জেলার মাহাবুবুল আলম বাংলানিউজকে বলেন, তারা নিজেরা নিজেদের মত ঈদ করলে তাতে আমাদের গুরুত্ব দেয়ার কিছু নেই। আমরা ঈদ উপলক্ষে কাল (সোমবার) বিশেষ উন্নতমানের খাবারের আয়োজন করেছি।
বাংলাদেশ সময় : ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
আরডিজি/ সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com