 |
| ছবি: জীবন আমীর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার বিরুদ্ধে ঘোষিত রায়ে সন্তুষ্ট হতে পারেননি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রায়ের পর দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, “ছয়টি অভিযোগের মধ্যে আদালতে যে ৫টি প্রমাণিত হয়েছে তাতে কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় হওয়া উচিত ছিল। কিন্তু রায়ে তা বাস্তবায়ন হয়নি।”
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “ যেসব অপরাধে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, ওই একই অপরাধে কাদের মোল্লারও সর্বোচ্চ হওয়া উচিত ছিল।”
রায়ের বিরুদ্ধে রাষ্ট্রের তরফে কোনো আপিল হবে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিস্তারিত রায় পড়েই পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
উল্লেখ্য, কাদের মোল্লার বিরুদ্ধে ছয়টি অভিযোগের মধ্যে ৫টি প্রমাণিত হয়েছে। প্রথম তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিটিতে ১৫ বছর করে সাজা হয়েছে। চতুর্থ অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয় কাদের মোল্লাকে। তবে ৫ ও ৬ নং মামলা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন আদালত।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
এমএইচপি/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর/আরআর