সাভার (ঢাকা): সাভার সদরের তেঁতুলঝোড়া স্কুলের সামনে শনিবার সকালে ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত হাবিবুর রহমান ওলি (৪০) ফরিদপুর জেলার মধুখালী থানার তফাজ্জল হোসেনের ছেলে। তিনি সাভারের নন্দখালী এলাকার হলমার্ক গ্রুপের ফেব্রিক্স ইন-চার্জ হিসেবে কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ঢাকা থেকে তার কর্মক্ষেত্র হলমার্ক গ্রুপের উদ্দশে রওয়ানা দিয়ে সকাল ৯টার দিকে তেঁতুলঝোড়া স্কুলের সামনে পৌঁছালে সেখানে একটি ট্রাক মোটরসাইকেলটিকে (ঝিনাইদহ মেট্রো-হ-১১-১৫৫৪) পেছন থেকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই হাবিবুর মারা যান।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুম খান বাংলানিউজকে জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঘাতক ট্রাক কিংবা চালক কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু, নিউজরুম এডিটর