বৈচিত্রময় বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সেই ধারাবাহিকতায় এবার তিনি অভিনয় করেছেন একজন মাইক ব্যবসায়ীর ভূমিকায়।
এভারেষ্ট বিল্ডার্স লিঃ নিবেদিত, আলী ইমরানের রচনা ও সাজাদ হাসান বাবলু পরিচালিত নাটক ‘মাইক মিন্টু’। এ নাটকে মাইক মিন্টু চরিত্রে অভিনয় করেছন চঞ্চল। নাটকের এ চরিত্র নিয়ে তিনি বলেন, ‘ অনেক পরিশ্রম করে নাটকটি নির্মাণ করা হয়েছে। আমরা সবাই খুব আনন্দ থেকে কাজটি শেষ করেছি। আমার মনে হয় ‘মাইক মিন্টু’ ভালো লাগবে সবার।’
এ নাটকের নির্মাতা সাজাদ হাসান বাবলু বলেন, নাটকের গল্পটি চমৎকার। এমন একটি গল্প নিয়ে আমি কাজ করার সুযোগ পেয়ে সত্যিই আনন্দিত। আনন্দ-বেদনা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে ভালো লাগার মতো গল্প ‘মাইক মিন্ট’ু। শিল্পীরা সবাই নিজেদের সেরা কাজটুকু করবার প্রয়াস চালিয়েছেন। আশা করছি দর্শকদেরও বিনোদনের খোরাক মিটাবে এ নাটকটি। চঞ্চল ছাড়াও এখানে আরও অভিনয় করেছেন লাক্স সুন্দরী মৌসুমী, ডলি জহুর, শিল্পী, ইয়াছিন, হারুন, জেসমিন আহসানুল হক মিনু, নাজমুল হুদা বাচ্চু প্রমুখ। নাটকটি আগামী রোজার ঈদে যেকোন টিভি চ্যানেলে প্রচারের অপেক্ষায় আছে।
নাটকের গল্পে দেখা যায়, অলংকারপুর গ্রামের ছেলে মিন্টু সম্মানের সাথে ধরে রেখেছে তার ঐতিহ্যবাহী পৈতৃক পেশা। গ্রামের কোন অনুষ্ঠান মানেই মিন্টু হাজির তার মাইক নিয়ে। মাইক বাজিয়ে সংসার চলে। আর এ কারণেই তাকে এলাকার লোকজন মাইক মিন্টু নামেই ডাকে। হঠাৎ চুমকির বিয়েতে ডাক পায় না মিন্টু। এতে সে আহত ও অবাক হয়। বাধ্য হয়েই নিমন্ত্রণ ছাড়াই বিয়ে বাড়িতে হাজির হয় মিন্টু। এলাকা ফাটিয়ে বাজতে থাকে তার মাইক। কিন্তু চুমকির বাবা মিন্টুকে মাইক নিয়ে চলে যেতে বলেন। কিন্তু মিন্টু কিছুতেই বুঝতে পারে না চুমকিকে গোপনে বিয়ে দেয়ার কারণ কি? অবশেষে বরযাত্রী এলে বিষয়টি উপলব্দি করে সে। সুন্দরী যুবতী চুমকিকে বিয়ে দেয়া হচ্ছে ৬০ বছরের বৃদ্ধের কাছে। এতে ক্ষিপ্ত হয়ে গ্রামের যুবকদের সাহায্য নিয়ে বিয়েটা ভেঙ্গে দেয় মিন্টু। বৃদ্ধের হাত থেকে রক্ষা করার আনন্দে সবাই হাসলেও চুমকির বাবার কান্না নাটকে অন্য মোড় এন দেয়। জানা যায় সুন্দরী হলেও চুমকি বাক প্রতিবন্ধী। তাই কেউ তাকে বিয়ে করতে চায়না। এ ঘটনায় বিব্রত হয় মিন্টু। চুমকির বাবার এক প্রশ্নে দ্বন্দে পড়ে যায় সে। হাস্যরসে ভরপুর নাটকটি শেষ মুহুর্তে এসে চরম মানবিক মূল্যবোধের মুখোমুখি হয়, যা দর্শকদের হৃদয়কে সহজেই নাড়া দিতে পারে।
বাংলাদেশ সময় ১৭৫২, মে ৩১, ২০১২ সম্পাদনা : অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।