 |
ঢাকাঃ চীনের কাইডং শহরে পরিবেশ দূষণের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ করেছে স্থানীয় অধিবাসীরা। বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে একটি কাগজ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তরল বর্জ্র নিঃসরণের পাইপলাইন স্থাপন বাতিল করা হয় বলে কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানায় সংবাদমাধ্যম।
পাইপলাইন স্থাপনের অনুমতি দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে হাজার হাজার বিক্ষোভকারী সাংহাই নগরীর উত্তরে অবস্থিত শহরটির রাস্তায় নেমে আসেন এবং গাড়ি ভাংচুর শুরু করে। এক পর্যায়ে তার পার্শ্ববর্তী সরকারি অফিস ভবনেও হামলা চালিয়ে নথিপত্র জানালা দিয়ে বাইরে নিক্ষেপ করে।
প্রস্তাবিত পাইপলাইনটি শহরের নিকটবর্তী উপকূলীয় এলাকার পরিবেশকে দূষিত করতো বলে এসময় দাবি করে বিক্ষোভকারীরা।
বিগত তিন দশকেরও বেশি সময় ধরে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে চলা দেশটিতে এখন পরিবেশ দূষণের বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধছে।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা এক পর্যায়ে ইতালির দামি ব্রান্ডের শার্ট পরিহিত এক সরকারি কর্মকর্তাকে দূষণবিরোধী স্লোগান লেখা অপর একটি শার্ট পরতে বাধ্য করে।
স্থানীয় কতৃপক্ষ বিক্ষোভকারীদের দাবী মেনে নিলেও তারা তা প্রত্যাখ্যান করে বলেন, সরকারের উচিত ছিল শুরুতেই এ প্রকল্প বাতিল করা ।
উল্লেখ্য, গত মাসের শুরুতেও সিচুয়ান প্রদেশে একটি কপার প্লান্ট স্থাপনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীর সংঘর্ষ বাঁধলে সরকার প্রকল্পটি বাতিল করতে বাধ্য হয়।
অতীতের যে কোনও সময়ের চেয়ে সামাজিক অনিয়মের বিরুদ্ধে চীনারা এখন অনেক বেশী সোচ্চার। এ বছরের শেষে নেতৃত্ব পরিবর্তন সংঘটিত হওয়ার প্রেক্ষাপটে চীনা কমিউনিস্ট পার্টির জন্য এ পরিস্থিতি নতুন মাথা ব্যথার কারণ হিসেবে দাঁড়িয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১২
সম্পাদনা: মামুনুর রশিদ ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর