ঢাকা: দ্বন্দ্ব, কেলেঙ্কারি আর দুর্নীতিতে পূর্ণ ভ্যাটিক্যান প্রাসাদ। দুর্নীতি আর যৌন কেলেঙ্কারির প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হলে তা নিয়ে তীব্র বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন পোপ ষোড়শ বেনেডিক্ট।
ভ্যাটিক্যান প্রাসাদের এসব গোপনীয় কথা উঠে এসেছে ষোড়শ বেনেডিক্টের কিছু নথিপত্র থেকে। বেনেডিক্টের খানসামা পাওলো গ্যাব্রিয়েল এসব নথি ফাঁস করেছেন।
ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, পোপ ষোড়শ বেনেডিক্টের সময়কালে ভ্যাটিক্যানের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে ষড়যন্ত্র ছিল ব্যাপক হারে।
ভ্যাটিক্যানের গোপন এসব তথ্য ফাঁস করা এর নাম দেওয়া হয়েছে ‘ভ্যাটিলিকস’। এই ভ্যাটিলিকস মতে, পোপ আর্চবিশপ কারলো মারিয়া ভিগানোকে ভ্যাটিক্যানের মধ্যে ধারাবাহিক সংস্কার আনার দায়িত্ব দেন। কিন্তু রোমের কিছু শীর্ষ কার্ডিনাল এর তীব্র বিরোধিতা করেন।
কোনোভাবে যেন মারিয়া ভিগানো কাজ চালাতে না পারে তার সব ব্যবস্থা করে। শেষ পর্যন্ত তাকে দায়িত্ব থেকে অপসারিত করেন বিরোধীরা। ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্রে ‘নির্বাসিত’ হয় ভিগানো।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব পরিস্থিতিতে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন ষোড়শ বেনেডিক্ট। আর এ বিষয়টি প্রমাণ করে যে, বেনেডিক্ট দুর্বলচিত্তের নেতা যিনি ভ্যাটিক্যানের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে খাপ খাইয়ে চলতে পারেন নি।
বুধবার বেনেডিক্টের সাপ্তাহিক সভার বক্তব্যেও দ্বন্দ্বের বিষয়গুলো উঠে আসে। তিনি বলেছিলেন, “আমরা চার্চের চেহারা উন্মোচন করতে পারি এবং কেমন এই চেহারা, সময়ে সময়ে এটি বিকৃত হয়। বিশেষ করে আমি ভাবছি চার্চের ঐক্যের বিরুদ্ধে অপকর্ম, চার্চের কর্তৃপক্ষের বিভক্তি নিয়ে।”
১১ ফেব্রুয়ারি পোপের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন ষোড়শ বেনেডিক্ট। বিশ্বের ১১০ কোটি ক্যাথিলিক খ্রিস্টানের এ ধর্মীয় নেতা নিজের শারিরীক অসুস্থতাকে পদত্যাগ করার কারণ হিসেবে উল্লেখ করেন।
পোপ ষোড়শ বেনেডিক্ট ২০০৫ সালে জনপ্রিয় পোপ দ্বিতীয় জন পলের উত্তরসূরি নির্বাচিত হন। দায়িত্ব শেষ হওয়ার আগে প্রথম পোপ হিসেবে পদত্যাগ করছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com