চান্দিনা (কুমিল্লা): এসো হে এসো, সজল ঘন, বাদল বরিষণে- কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষাবরণ গানের মধ্য দিয়ে কুমিল্লার চান্দিনায় বর্ষার আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় চান্দিনা উপজেলা মিলনায়তনে কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদের আয়োজনে এ আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়।
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. ইকবাল আনোয়ার।
অনুষ্ঠান উদ্বোধনের পর কণ্ঠ সাধন আবৃত্তি পরিষদের এক ঝাঁক শিশু-কিশোরীরা বর্ষার কবিতা, ছড়া গান পরিবেশন করেন।
চান্দিনা কণ্ঠ সাধন আবৃত্তি পর্ষদের সহসভাপতি প্রভাষক এনায়েত উল্লাহ ভূইয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে কুমিল্লা সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি আবৃত্তি শিল্পী বদরুল হুদা জেনু, কুমিল্লা কণ্ঠশিল্পী বাংলার পরিচালক সাব্বির আহমেদ, কুমিল্লা তীর্থ আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক এবিএম ছিদ্দিকুর রহমান রোমন, মৃত্তিকা আবৃত্তি সংগঠনের সভাপতি মাহতাব সোহেল, কুমিল্লা উঠান আবৃত্তি সংগঠনের সভাপতি নজরুল ইসলাম লিটন, অংশুল আবৃত্তি সংগঠনের পরিচালক ইউসুফ সাজন, চান্দিনা কণ্ঠ সাধন আবৃত্তি পর্ষদের উপদেষ্টা খন্দকার সাখাওয়াত হোসেন, সাংবাদিক মামুনুর রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের প্রতিনিধি রনবীর ঘোষ কিংকর, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আবৃত্তি চর্চা বিকাশের অবদানের জন্য সম্মিলিত আবৃত্তি অঙ্গনের সভাপতি শাহিদুল ইসলাম সোহেলকে উত্তোরীয় ও সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন চান্দিনা কন্ঠ সাধন আবৃত্তি পর্ষদের পরিচালক খন্দকার সারওয়ার দ্বীপ্ত।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা,জুন ১৬, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর