ঢাকা: দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত হচ্ছে এনভয় টেক্সটাইল লিমিটেড কোম্পানি। রোববার উভয় স্টক এক্সচেঞ্জে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের পর প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষ করেছে কোম্পানিটি।
ডিএসই’র প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএসই সূত্রে জানা যায়, টেক্সটাইল খাতের এই প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন ‘এন’ ক্যাটাগরিতে হবে। ডিএসইতে প্রতিষ্ঠানটির লেনদেন কোড ‘এনভয়টেক্স’ ও ডিএসই কোম্পানি কোড ১৭৪৫৫।
এনভয় টেক্সটাইল লিমিটেড আইপিও প্রক্রিয়ার মাধ্যমে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৯০ কোটি টাকা সংগ্রহ করেছে। এই প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের দাম ২০ টাকা। প্রিমিয়ামসহ নির্ধারণ করা হয় ৩০ টাকা। প্রতি ২০০টি শেয়ারে একটি মার্কেট লট।
শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্যে গত ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আইপিও আবেদন গ্রহণ করে প্রতিষ্ঠানটি। আর অনাবাসী বাংলাদেশিরা আইপিওর জন্য আবেদন করেন ১৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আসিফ আজিজ ও আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর