ঢাকা: গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লিগে শনিবার বাংলাদেশ এসসি ও সাধারণ বীমা জিতেছে। বাংলাদেশ এসসি ৪-৩ গোলে অ্যাজাক্স এসসিকে পরাজিত করে। অপর ম্যাচে সাধারণ বীমা কেএস ২-১ গোলে হারায় ওয়ারী ক্লাবকে।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে সমান তালেই লড়ে যায় বাংলাদেশ এসসি ও অ্যাজাক্স এসসি। উভয় পক্ষই একটি করে গোল করে। তবে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় বাংলাদেশ এসসি। বিজয়ী দলের ভারতীয় খেলোয়াড় বরকত সিং দুটি গোল করেন। এছাড়া একটি করে গোল করেন গুরুজিৎ সিং ও গগণদীপ সিং। অ্যাজাক্সের পক্ষে রাহাত সারোয়ার, রাজিব আহমেদ ও ফয়সাল হোসেন প্রত্যেকেই একটি করে গোল করেন।
একই ভেন্যুতে সাধারণ বীমা ও ওয়ারী ক্লাবের মধ্যকার অপর ম্যাচ হয়। সাধারণ বীমার পক্ষে একটি করে গোল করেন মাজহারুল ইসলাম মোকসেদ ও প্রশান্ত কুমার রায়। অপরদিকে ওয়ারী ক্লাবের হয়ে এক গোল শোধ দেন আইয়্যুব আলী।
১ জুলাই মোহামেডান মুখোমুখি হবে পুলিশ এসির। অপর ম্যাচে মেরিনার ইয়াংস লড়বে ঊষা ক্রীড়া চক্রের বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুন ৩০, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস