 |
| ছবি : দেলোয়ার হোসেন বাদল /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদ্মাসেতুর দুর্নীতির সঙ্গে জড়িত কয়েকটি মানুষকে বাঁচানোর জন্যই দেশের ১৬ কোটি মানুষকে জিম্মি করেছে সরকার।
শনিবার বেলা সাড়ে ১১টায় বিশিষ্ট সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ৭৩তম জন্মদিন অনুষ্ঠানে ধানমণ্ডির বাসায় যোগ দেন। অনুষ্ঠান থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শুধু পদ্মাসেতু নয়, সরকার নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে তাদের দুর্নীতি সর্বস্তরে প্রতিষ্ঠা করেছে। সরকার দুর্নীতির ব্যাপারে কোনো পদক্ষেপ না নিলেও তাদের বাঁচানোর জন্য তারা বিশ্বব্যংকে দোষারোপ করছে। এই সরকার দুর্নীতির কারণে যে বেপরোয়া হয়ে গেছে এটা বোঝা যায় তাদের মন্ত্রীদের পরস্পর বিরোধী বক্তব্যের মাধ্যমে। সরকার দুর্নীতির মাধ্যমে দ্রব্যমূল্য বাড়িয়ে দুর্নীতির রাজত্ব কায়েম করেছে।
তিনি অবিলম্বে পদ্মাসেতুর দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করা আবারো পদ্মাসেতুর ঋণচুক্তি সচল করার আহ্বান জানান।
তিনি বলেন, আজ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। এ কারণে দেশের মানুষ দিশেহারা। হত্যা, গুম ও সরকারের বিভিন্ন অপকর্মের বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তদন্ত করছে এজন্য মানবাধিকার সংস্থাকে ধন্যবাদ।
তিনি বলেন, বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতিবিদদের সঙ্গে সমাল তালে সংগ্রাম করেছেন।
তিনি আজ অসুস্থ থাকায় আবারো আধিপত্যবাদীরা মাথা নাড়া দিয়ে ওঠছেন। মির্জা ফখরুল তিনি তার সুস্থতা কামনা করেন।
এর আগে মির্জা ফখরুল গিয়াস কামলের ৭৩তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানান।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
এমএম/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর