ঢাকা : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৬৮তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার নওগাঁ জেলার সাপাহারে উপজেলা অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ শাখার উদ্বোধন করা হয়।
ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন।
ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহা. শামসুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল আলম চৌধুরী ও পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল গাফফার প্রমুখ।
ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন খাতে বিনিয়োগ করে যাচ্ছে। কৃষিপ্রধান এ অঞ্চলে কেউ কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপনে এগিয়ে এলে ইসলামী ব্যাংক তাকে সর্বাত্মক সহযোগিতা দেবে।
বাংলাদেশ সময় : ২১৩৪ ঘণ্টা, মে ২৮, ২০১২
এসএআর/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর