খুলনা: মঙ্গলবার থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষক সমিতি। সোমবার ৫ম দিনের মতো ১ ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের বিরুদ্ধে এক সন্ত্রাসীর দায়ের করা মামলা বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে প্রত্যাহার না হওয়ায় এ কর্মসূচি চলছে।
কুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাছুদ বাংলানিউজকে জানান, সোমবার ৫ম দিনের মতো সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১ ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়।
তিনি আরও জানান, মঙ্গলবার থেকে ১ মে সকাল ৯টা থেকে দেড়টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে।
এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ২ মে থেকে পূর্ণদিবস অ্যঅকাডেমিক কর্মবিরতি। তবে টার্ম ফাইনাল পরীক্ষা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
কুয়েটের অমর একুশে হলের বার্ষিক প্রীতিভোজে ছাত্রলীগ নেতাদের নানা অনিয়মের প্রতিবাদ করায় সন্ত্রাসী ও বহিরাগতদের সশস্ত্র হামলায় গত ১ ও ২ জানুয়ারি ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বিভিন্ন হল, অ্যাকাডেমিক ভবন, উপাচার্যের বাসভবন ও যানবাহন ভাংচুর করা হয়।
বহিরাগতদের হামলা ও পুলিশের লাঠিচার্জে বহু শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কুয়েট শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আরিফ হোসেনসহ কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন।
পরে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত এক ছাত্র ৪ শিক্ষকের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের মামলা করেন।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২
প্রতিবেদন: মাহবুবুর রহমান
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর