ঢাকা : রাজধানীর আগাঁরগাও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে উদ্ধার করা অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে।
নিহতের নাম মো. হান্নান মিয়া (৩২)। তিনি গুলশান-১ এ অবস্থিত স্ট্যান্ডার্ড গ্রুপে গাড়ি চালাতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানায়। নিহতের বাবার নাম মৃত ফজলুল হক। তার স্ত্রীর নাম নাসিমা আক্তার। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
বুধবার সকালে আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টটিউট সংলগ্ন নতুন রাস্তার ফুটপাত থেকে শেরে বাংলা নগর থানা পুলিশ হান্নানের লাশ উদ্ধার করে। এ বিষয়ে শেরে বাংলানগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় হান্নানের চাচাতো ভাই জসিম উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশ সনাক্ত করে।
জসিম উদ্দিন জানান, ১২ দিন আগে হান্নানসহ আমরা ৮ জন মিলে ব্যবসা করার জন্য ৪ লাখ ৯০ হাজার টাকা দিয়ে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৪-৫০৬৬) কিনি। গত মঙ্গলবার রাত ৮টায় হান্নান অফিসের কাজ শেষে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
তিনি বলেন, ছিনতাইকারীরা গাড়ি ছিনতাই করে তাকে খুন করতে পারে।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুন ২১, ২০১২
আইএম/এমআইএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর