সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন ফি এখন থেকে অনলাইনে জমা দেওয়া যাবে। এর মধ্যে রয়েছে সেমিস্টার ফি, ভর্তি ফি, ট্রান্সস্ক্রিপ্ট উত্তোলন ফি ইত্যাদি।
২১ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে এসব পেমেন্ট করতে পারবেন শিক্ষার্থীরা। দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের এটিই প্রথম অনলাইন পেমেন্ট ব্যবস্থা।
রোববার দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াছ উদ্দিন বিশ্বাস।
তিনি বলেন, “৯ ফেব্রুয়ারি ঢাকায় এ বিষয়ে ডাচ-বাংলা ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ক্রিস ক্রস কম্পিউটার্সের সহায়তায় ডাচ-বাংলা ব্যাংকের পেমেন্ট গেটওয়ের সাহায্যে এটি করা হয়েছে।”
ডাচ-বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক চুক্তি সইয়ের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. ইসফাকুল হোসেন, ক্রিস ক্রস কম্পিউটার্সের পক্ষে ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং ডাচ-বাংলা ব্যাংকের পক্ষে মো. কামরুজ্জামান চুক্তিতে সই করেন।
এসময় প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন, প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল, প্রফেসর ড. ইয়াসমিন হক, প্রফেসর ড. ইলিয়াছ উদ্দিন বিশ্বাস, আবু আউয়াল মো. শোয়েব, জনাব কে এস তাবারেজ, আবুল কাশেম মো. শিরিন, মো. রবিউল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ই-পেমেন্ট চালুর ফলে শিক্ষার্থীরা এখন থেকে ব্যাংকের লাইনে না দাঁড়িয়েই বিভিন্ন ফি জমা দিতে পারবেন। ট্রান্সস্ক্রিপ্ট উত্তোলনের জন্য ক্যাম্পাসে না গিয়ে অনলাইনে আবেদনের মাধ্যমেই নির্ধারিত সার্ভিস চার্জ প্রদান সাপেক্ষে যে কোনো ঠিকানায় ট্রান্সস্ক্রিপ্ট পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৩
এসএ/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর