৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১১:৪৫ এএম BDST banglanew24
12 Jun 2012   04:38:31 PM   Tuesday BdST
E-mail this

খোকনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর, জিলানী রিমান্ডে


মবিনুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে বাস ড্রাইভার বদরকে পুড়িয়ে হত্যা মামলায় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেছে ঢাকার সিএমএম আদালত।

একই মামলায় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী মো. জিলানীকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম রেজাউল করিম শুনানি শেষে এ আদেশ প্রদান করেন। খোকনকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।  

পল্টন থানার একটি হরতালের মামলায় গত ৩ জুন খোকন জামিন পেয়ে কারাগার থেকে বের হলে ওইদিনই তাকে কারাফটকে আটক করে ডিবি পুলিশ।

৪ জুন তাকে খিলগাঁওয়ে গাড়িতে আগুন দিয়ে ড্রাইভার বদর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোকছেদুর রহমান।

অপরদিকে জিলানীকে গত ৯ জুন সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ।
 
জিলানীর বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার পাটগাতি গ্রামে। তিনি গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।

আসামিদের পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের শুনানি করেন, ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন, সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম, গোলাম মোস্তফা খান, ইকবাল হোসেন, মোহসীন মিয়া ও মোসলেহ উদ্দিন জসিম।
অপরদিকে রাষ্ট্রপক্ষে জামিন আবেদনের বিরোধিতা ও রিমান্ড চেয়ে শুনানি করেন মহানগর পিপি আব্দুল্লাহ আবু ও শাহআলম তালুকদার।

রিমান্ডের বিরোধিতা ও জামিন চেয়ে খোকন ও জিলানীর আইনজীবীরা বলেন, পল্টন থানার একটি হরতালের মামলায় খোকন জামিন না পেলে এ মামলার প্রয়োজন হতো না।

ওই মামলায় তিনি জামিন পেয়ে ৩ জুন কারাগার থেকে বের হলে শুধুমাত্র ১১ জুনের সমাবেশের আগে যাতে খোকন ছাড়া না পায় এজন্য তাকে এ মামলায় জড়িয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে। তারা রিমান্ড আবেদন বাতিল করে খোকনের জামিন চান।

একই ভাবে জিলানীকে শুধুমাত্র হয়রানি করার জন্য এ মামলায় জড়ানো হয়েছে। তারা জিলানীরও রিমান্ড আবেদন বাতিল করে জামিন চান।

রাষ্ট্রপক্ষে রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে বলা হয়, আসামিরা ঘটনার সাথে জড়িত। জনমনে ভয়ভীতি সৃষ্টির জন্য আগুন দিয়ে ড্রাইভারসহ বাসটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার সাথে কারা কারা জড়িত তা জানতেই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

উল্লেখ্য গত ২২ এপ্রিল বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালে আগের দিন খিলগাঁও এলাকায় খিদমাহ হাসপাতালের সামনে রাখা ঈগল পরিবহনের একটি বাসে আগুন দিলে ঘুমন্ত অবস্থায় বাসের ড্রাইভার বদর আলী পুড়ে মারা যায়। হেলপার মোতালেব আহত হয়।

এ ঘটনার দিনই খিলগাঁও থানা পুলিশের উপপরিদর্শক ইকবাল আহমেদ খান বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।

গত ১৭ মে হরতালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে খোকনকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর পল্টন থানার ১৯ এপ্রিলের একটি হরতালের একটি পুরনো মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুন ১২, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান