ঢাকা: থাইল্যান্ডের কুইন্স কাপের দ্বিতীয় রাউন্ডের খেলায় অবস্থানের উন্নতি ঘটিয়েছেন সিদ্দিকুর রহমান। শুক্রবার পারের চেয়ে তিন শট কম খেলে (৬৮ শট) লিডার বোর্ডে তৃতীয় সস্থানে উঠে এসেছেন ২০১০’র ব্রুনাই ওপেন জয়ী সিদ্দিকুর।
ব্যাংককের সান্তিবুরি সামুই কাউন্ট্রি ক্লাবে বৃহস্পতিবার পারের চেয়ে এক শট কম নিয়ে (৭০ শট) যৌথভাবে নবম স্থানে ছিলেন ২৭ বছরের গলফার। তবে শুক্রবার দুর্দান্ত পারফরমেন্স দেখান সিদ্দিকুর। ১৮ হোলের রাউন্ডে চারটিতে বার্ডি ও একটিতে বগি করেন। তিন লাখ ডলারের প্রতিযোগিতায় সবমিলে ১৩৮ শট নিয়ে ছয়ধাপ এগিয়ে তৃতীয় স্থানে জায়গা করে নেন তিনি।
অন্যদিকে সিদ্দিকুরের চেয়ে এক শট কম নিয়ে (১৩৭ শট) যুগ্মভাবে শীর্ষে রয়েছেন ফিলিপাইনের মিগুয়েল তাবুয়েনা ও থাইল্যান্ডের থওয়ার্ন উইরাতচান্ত।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুন ১৫, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর