 |
ঢাকা: বাজার ভাল করতে হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে। কিন্তু বর্তমান বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কোন ভূমিকা নেই।
এ মন্তব্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রেসিডেন্ট রকিবুর রহমানের।
সোমবার দুপুরে ডিএসই’র নিজ কক্ষে বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রকিবুর রহমান বলেন, ‘বাজার স্থিতিশীলতায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের ভূমিকা রাখছেন না। বাজারে তারা যদি না থাকেন সেক্ষেত্রে বাজার আবার অস্থিতিশীল হয়ে উঠতে পারে।’
‘প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাজারের প্রাণ’ মন্তব্য করে তিনি বলেন, ‘বাজারে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’
রকিবুর রহমান বলেন, ‘সাধারণ বিনিয়োগকারী যতই শেয়ার লেনদেন করুক না কেন এতে করে বাজার স্থিতিশীল হবে না।’
এসইসি’র বর্তমান ভুমিকা নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এসইসি থেকে রিটের বিষয়টি পরিস্কার হওয়া উচিত ছিল।’
রকিবুর রহমান পরিচালকদের শেয়ার ক্রয়ের বিষয়ে বলেন, ‘কোন প্রতিষ্ঠানের পরিচালক যদি মনে করেন তার পরিচালক পদটি ধরে রাখতে হবে- সেক্ষেত্রে তিনি শেয়ার ক্রয়ের ক্ষেত্রে এসইসির কাছে আবেদন করতে পারেন।’
তবে এসইসি উপর সময় বাড়ানো না বাড়ানোর বিষয়টি নির্ভর করছে বলেও জানান তিনি।
ব্যাংক, মার্চেন্ট ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের পুঁজিবাজারে ১০ শতাংশ বিনিয়োগের করা কথা বলা হলেও তাদের বিনিয়োগ বর্তমানে ২ শতাংশের নিচে বলে জানান রকিবুর রহমান।
তিনি বলেন, ‘আমরা আশা করবো আর্থিক প্রতিষ্ঠানগুলো বাজারের স্বার্থে তাদের কোটা পূরণ করবে।’
অমনিবাস অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন না করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘অমনিবাস অ্যাকাউন্ট নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ অক্টোবরের মধ্যে অমনিবাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
‘অমনিবাস বন্ধ হলে বাজারে স্বচ্ছতা বাড়বে’ বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সব বিনিয়োগকারীকে র্সট টাইম নয় লং টাইম বিনিয়োগের জন্য অনুরোধ জানান ডিএসই প্রেসিডেন্ট।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মে ২৮,২০১২
এসএমএকে/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর