হবিগঞ্জ: হবিগঞ্জের ৯টি চা বাগানে ১৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার ধর্মঘট পালন করেছেন চা শ্রমিকরা।
সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট চলে বিকেল ৪টা পর্যন্ত।
শ্রমিকদের মজুরি ৪৮ টাকা থেকে ১৫০ টাকায় উন্নীত, বাৎসরিক উৎসব বোনাস ৪ হাজার টাকা এবং হাজিরা বোনাস ৩ হাজার টাকাসহ মোট ১৮ দফা দাবিতে শ্রমিকরা এ ধর্মঘট পালন করেছেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল লেবার হাউজের যুগ্ম সুরজিত চাষি বাংলানিউজকে জানান, শ্রমিকরা দীর্ঘদিন ধরে বাগান মালিকদের কাছে এ দাবিগুলো জানিয়ে আসছেন। কিন্তু মালিকরা এতে সাড়া না দেওয়ায় এ কর্মসূচি পালিত হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবারের মধ্যে এ দাবিগুলো না মেনে নিলে পরে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও আদিবাসী নেতা স্বপন সাঁওতাল বাংলানিউজকে জানান, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া, নয়াপাড়া, চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া এবং আমু চা বাগানে পুরোদিন ধর্মঘট পালিত হয়েছে।
এ ছাড়া মাধবপুরের জগদীশপুর, চুনারুঘাটের বৈকুণ্ঠপুর, চাঁনপুর, লালচান্দ ও নালুয়া চা বাগানে অর্ধদিবস ধর্মঘট পালিত হয়।
চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগানের ব্যবস্থাপক সাইদুর রহমান বাংলানিউজকে জানান, ২/১টি বাগানে বিচ্ছিন্নভাবে ধর্মঘট পালনের খবর শোনা গেলেও মূলত প্রতিকী ধর্মঘট পালিত হচ্ছে।
তিনি আরও জানান, শ্রমিকরা তাদের ১৮ দফা দাবিতে বাংলাদেশের সব চা বাগানে প্রতিকী ধর্মঘট পালন করেছেন। এতে বাগানের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর