করাচি: শিগগিরই ওয়ানডে থেকে অবসর নেওয়ার ঘোষণা দিতে পারেন শহীদ আফ্রিদি। শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের পর পাকিস্তানের এই অলরাউন্ডার জানান, একদিনের ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। ২০১৫ বিশ্বকাপে তরুণদের সুযোগ দেওয়ার কথা ভাবছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে করে দেশে ফেরার সময় সংবাদ মাধ্যমকে আফ্রিদি বলেন,‘আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। এমুহূর্তে আমি নিজের ওয়ানডে ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছি। আমি বড়দের সঙ্গে আলোচনা করবো। আমার বর্তমান পারফরমেন্স ভাবিয়ে তুলেছে।’
টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন আফ্রিদি,‘আমাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ওয়ানডে ছেড়ে দিলে শুধু টি-টোয়েন্টি খেলবো। ২০১৫ বিশ্বকাপে তরুণদের নিয়ে পাকিস্তান যাতে একটি ভালো দল গড়তে পারে এজন্য সরে যেতে চাই।’
ওয়ানডে ক্যারিয়ারে ৩৪৭ ম্যাচ খেলে ৭ হাজার ৬৮ রান করার পাশাপাশি ৩৪৭ উইকেট শিকার করেছেন ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুন ২১, ২০১২
এমএইচ
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস