ঢাকা: নারী ফুটবল সুপার লিগের উদ্বোধনী দিনে সোমবার জয় পেয়েছে খাগড়াছড়ি, কুষ্টিয়া ও জয়পুরহাট জেলা দল।
খাগড়াছড়িতে স্বাগতিক জেলা ১১-০ গোলে হারিয়েছে লক্ষীপুর জেলা দলকে। বিজয়ীদের পক্ষে মিঠু মারমাই ডাবল হ্যাট্টিকসহ সাতটি গোল করেন। এছাড়া কেলী চৌধুরি ২টি, শকুন্তা ও আনুমা একটি করে গোল করেন।
কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে স্বাগতিকরা ৬-১ গোলে হারায় ঝিনাইদহ দলকে। বিজয়ী দলের তমা হ্যাটট্টিক সহ চারটি এবং লাকি ও সাথী একটি করে গোল করেন। ঝিনাইদহের পক্ষে এক গোল পরিশোধ করেন রনি।
জয়পুরহাট জেলা স্টেডিয়ামে স্বাগতিক জেলা দল প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে হারিয়েছে বগুড়া জেলাকে। বিজয়ীদের পক্ষে লতা পারভীন দুটি এবং রহিমা আক্তার একটি গোল করেন। বগুড়ার পক্ষে একটি করে গোল করেন মুন্নি ও জলি।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘন্টা, জুলাই ১০, ২০১২
এএইচবি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস