 |
গলে: শ্রীলঙ্কা সফরে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। এরই মধ্যে গলেতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে সফরকারীরা। যেখানে দেশের আমেজেই ক্রিকেট খেলছে ইংলিশরা। কারণ দলকে সমর্থন দিতে স্টেডিয়াম জুড়ে রয়েছেন বিপুল ইংলিশ সমর্থক। যাদের ভীড়ে কোণঠাসা স্বাগতিকরা।
গলে টেস্টের প্রথম দিনে প্রায় সাড়ে আট হাজার ইংলিশ সমর্থক স্টেডিয়ামে এসে উপস্থিত হন। যাদের অনেক আবার দলের গোড়া সমর্থক ‘বার্মিজ আর্মি’। অথচ স্টেডিয়ামটির ধারণ ক্ষমতাই হচ্ছে নয় হাজারের! যাদের কাছে একেবারেই পাত্তা পাচ্ছেন না স্থানীয়রা।
শ্রীলঙ্কানদের মাঠে না আসার কারণও রয়েছে। অর্থ সংকটে ভোগা শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে টিকেটের মূল্য বাড়িয়েছে দশগুন। প্রতিদিনের টিকেটের মূল্য হচ্ছে ৫ হাজার থেকে সাড়ে সাত হাজার শ্রীলঙ্কান রুপী (৩৯ - ৫৮ ডলার)। যেখানে গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের সিরিজটিতে প্রতিদিনের টিকেটের মূল্য ছিল ৫০০ রুপী।
আর খেলা যদি পাঁচদিনে গড়ায় তাহলে দর্শকদের টিকিটের মূল্য বাবদ গুনতে হবে কমপক্ষে ২৫ হাজার রুপী। যেটা শ্রীলঙ্কায় নিচু সারির একজন সরকারি কর্মকর্তার মাসিক বেতনের সমান। ফলে স্থানীয়রা স্টেডিয়ামের আসার চিন্তা না করে বাড়িতে টেলিভিশনের সামনে বসে দলকে সমর্থন জানাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২
এএইচবি/