 |
ঢাকা: শালীনতা বজায় রাখতে না পারলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে রাজনীতি থেকে বিদায় নেওয়ার আহবান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে মহাজোট নেতা ইনুর দেওয়া শিষ্টাচার বহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বদেশ মঞ্চ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
ইনুকে সতর্ক করে ফারুক বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে অশালীন বক্তব্য রেখেছেন। এ বক্তব্য প্রত্যাহার করুন। শালীনতা বজায় রাখতে না পারলে রাজনীতি থেকে বিদায় নিন।’
ইনুর মতো একজন রাজনীতিবিদ এ নিয়ে তিন বার খালেদা জিয়ার বিরুদ্ধে অশালীন বক্তব্য রাখলেন অভিযোগ করে জনগণকে সম্পৃক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁসিয়ারি উচ্চারণ করেন ফারুক।
তিনি বলেন, ‘আপনার বক্তব্য প্রত্যাহার করুন। নইলে দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘গতকাল (শনিবার) টাঙ্গাইলে বলেছেন- আবারও ক্ষমতায় যেতে চান। কিন্তু যাদের মনোনয়ন দিয়েছে তারা সব চাটুকার। ইনু তাদের একজন। আপনারা যে দুর্নীতিবাজ বিশ্বব্যাংক সে স্বীকৃতিই দিয়েছে। তাদের চিঠি সত্ত্বেও আপনারা দুর্নীতির তদন্ত করেননি। তাই বিশ্বব্যাক পদ্মাসেতুর চুক্তি বাতিল করে দিয়েছে।’
‘দেশকে সংঘাতের দিকে নিয়ে যাবেন না’ বলে সতর্ক করে ফারুক বলেন, ‘এ সংসদ অধিবেশনেই বিল এনে পঞ্চদশ সংশোধনী বাতিল করুন। কোন অঘটন ঘটলে দায় দায়িত্ব আপনাদেরই নিতে হবে।’
স্বদেশ মঞ্চ সভাপতি মামুনুর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সাবেক এমপি হেলেন জেরিন খান, স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জুলাই ১, ২০১২
এসকেএস/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর