 |
ঢাকা: ঈদের পর কৃষক-শ্রমিক ও দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে রমজান মাসে সব সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করারও তাগিদ দিয়েছেন তিনি।
রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোট ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
দেশ রক্ষার জন্য নতুন করে শপথ নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, “ঈদের পর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে আমাদের কঠিন পরীক্ষায় নামতে হবে। এজন্য আমাদের ব্যাপক প্রস্তুতি নিতে হবে।”
তিনি বলেন, “লন্ডনে ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়ি আছে বলে মিথ্যাচার করে তার চরিত্রহরণের চেষ্টা করছে সরকার।”
এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, “এ সরকার আইনশৃঙ্খলা ধ্বংস করে দিয়ে খুন-গুম অব্যাহত রেখেছে। সকাল হলেই পত্রিকায় দেখি ২০ টুকরো লাশের খবর। এখনও সাগর-রুনি হত্যাকারীদের গ্রেফতার করা হচ্ছে না। ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার কথা বলেও তাকে ফেরত দেওয়া হচ্ছে না।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “ক্ষমতার জোরে এ সরকার সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে চালাচ্ছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে যা খুশি তাই করছে তারা। দেশে এখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে।”
তিনি বলেন, “বিডিআর হত্যায় যারা জড়িত তারা আওয়ামী লীগের লোক। তাদের রক্ষা করার জন্যই বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুকে মামলায় জড়ানো হয়েছে। এ সরকারের জেনেটিক সমস্যা আছে।”
তিনি আরও বলেন, “তারা বিনামূল্যে সার দেওয়ার কথা বলে থাকলেও বর্তমানে সারের মূল্য ৪ গুণ বৃদ্ধি করা হয়েছে। কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি পাওয়ায় কৃষকরা আজ দিশেহারা।”
১৮ দল ঢাকা মহানগরের সমন্বয়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, জামায়াত নেতা অধ্যাপক মজিবুর রহমান, বিজেপি মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মওলানা সাখাওয়াত হোসেন, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মনি, বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনিম আলম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
এমএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর/ জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর