শুরু হলো আবার ‘ক্লোজ আপ ওয়ান- তোমাকেই খুঁজছে বাংলাদেশ’
বিপুল হাসান বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছবি: নাজমুল হাসান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আনুষ্ঠনিক ঘোষণার মধ্য দিয়ে আবার শুরু হলো দেশ জুড়ে আলোড়ন জাগানো গানের প্রতিযোগিতা ‘ক্লোজ আপ ওয়ান- তোমাকেই খুঁজছে বাংলাদেশ’। ইউনিলিভার (বাংলাদেশ) লিমিটেডের আয়োজনে এই রিয়েলিটি শোর টেলিভিশন পার্টনার হিসেবে রয়েছে এনটিভি। রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে ৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার চতুর্থ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
ইউনিলিভারের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর কেএসএম মিনহাজ ‘ক্লোজ আপ ওয়ান ২০১২’-এর আনুষ্ঠনিক ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আরো ছিলেন টেলিভিশন পার্টনার এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী।
আনুষ্ঠনিক ঘোষণায় কেএসএম মিনহাজ বলেন, বাংলাদেশে সঙ্গীত প্রতিভা অন্বেষণে ‘ক্লোজ আপ ওয়ান- তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ সবচেয়ে বড় ও স্বীকৃত প্লাটফর্ম। বিগত তিনটি আয়োজনে এই প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসেছে বেশ কিছু তরুণ সঙ্গীতপ্রতিভা। তিনবছর বিরতির পর আবারও সমগ্র বাংলাদেশকে গানে গানে মাতোয়ারা করে তুলল চতুর্থবারের মতো শুরু হচ্ছে এই প্রতিযোগিতা।
তিনি সাংবাদিকদের জানান, এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আগের তিনটি আয়োজনের মতোই আগ্রহীদের প্রথমে মোবাইলে এসএমএস ও অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। প্রাথমিক বাছাইয়ের জন্য দেশের ১০টি শহরÑ ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা ও বরিশালে অডিশন রাউন্ড।
তিনি আরো জানান, প্রবাসী বাংলাদেশীরাও ‘ক্লোজআপ ওয়ান’-এ অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। প্রবাসীদের অডিশন অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, আরব আমিরাত ও অস্ট্রেলিয়ায়। চতুর্থ ক্লোজআপ ওয়ান বিজয়ী এবার পুরস্কার পাবেন নগদ ১০ লাখ টাকা ও একটি ব্র্যান্ড নিউ গাড়ি। প্রথম রানার আপ পাবেন ৫ লাখ টাকা এবং দ্বিতীয় রানার আপ পাবেন ৩ লাখ টাকা। এছাড়াও সেরা দশে উঠে আসা প্রত্যেক প্রতিযোগী পাবেন একলাখ টাকা করে পুরস্কার।
শিগগিরই দৈনিক পত্রিকা আর এনটিভিতে বিজ্ঞাপনের মাধ্যমে ‘ক্লোজ আপ ওয়ান ২০১২‘তে অংশ নেওয়ার বিস্তারিত নিয়ম ও সময় সুচি জানানো হবে বলে কেএসএম মিনহাজ উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী তার বক্তব্যে ‘ক্লোজ আপ ওয়ান’ সফল করে তোলার জন্য সবার সহযোগিতা চান। তিনি আশা করেন, আগের তিনটি আয়োজনের ধারাবাহিকতায় সারা দেশ জুড়ে এবারও এ প্রতিযোগিতাটি আলোড়ন তুলবে।
অনেকটা আমেরিকান আইডলের আদলে দেশের সঙ্গীত প্রতিভা অন্বেষণের জন্য ২০০৫ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ‘ক্লোজ আপ ওয়ান- তোমাকেই খুঁজছে বাংলাদেশ’। প্রথম আয়োজনেই এই রিয়েলিটি শো সারা দেশের মানুষের মন জয় করে নেয়। এটি এতটাই জনপ্রিয়তা পায় যে, এনটিভিতে ক্লোজআপ ওয়ান প্রচারের সময় এদেশের সবধরনের মানুষ টিভি সেটের সামনে বসে পড়তো। এ প্রতিযোগিতার প্রথম আসরে সেরা হন নোলক বাবু। প্রথম ও দ্বিতীয় রানার আপ হন যথাক্রমে রাজীব ও বিউটি।
পরের বছর অর্থাৎ ২০০৬ সালে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার দ্বিতীয় আসর। ‘গাও বাংলাদেশ গাও’ সেøাগান নিয়ে এ বছরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সালমা। মুহিন প্রথম রানার আপ ও নিশিতা হন দ্বিতীয় রানার আপ । ২০০৬ সালের দ্বিতীয়বারেরআয়োজন নিয়ে নানারকম অনিয়মের অভিযোগ করেন বিচারকরা। প্রথমবারের মতো সাজানো গোছানো ছিল না দ্বিতীয়বারের ক্লোজ আপ ওয়ান। বিচারকদের সাথে আয়োজকদের মতবিরোধের মতো ঘটনাও ঘটে এবছর।
‘যে দেশে ছড়িয়ে রয়েছে এত সুর, সে দেশের মানুষই তো গাইবে- গাও বাংলাদেশ গাও’ শীর্ষক লম্বা শ্লোগান নিয়ে এ একবছর বিরতির পর ২০০৮ সালে অনুষ্ঠিত হয় এই রিয়েলিটি শোর তৃতীয় ও সবর্শেষ আসর। এ আসরে চ্যাম্পিয়য় হন লিজা। প্রথম ও দ্বিতীয় রানার আপ হন যথাক্রমে অপু ও সাজু। সে সময় আরো কয়েকটি একই ধরনের সংগীত প্রতিভা খোঁজার অনুষ্ঠান চলতে থাকায় কিছুটা ভাঁটা পড়ে ক্লোজ আপ ওয়ানের সেই জনপ্রিয়তায়।
তিন বছর বিরতির পর এবার চতুর্থবারের মতো ‘ক্লোজ আপ ওয়ান’-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
বাংলাদেশ সময় ২১৩০, জুন ০৪, ২০১২
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।